জসিম উদ্দিন রাজা : চাঁদপুর আদালতে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। দৈনিক প্রথম আলোর সম্পাদক ও
প্রকাশক মতিউর রহমান এবং হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, গত ১৭ ও ১৮ আগস্ট প্রথম আলো পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় ৫, ৬ ও ৭ কলামে ‘চাঁদা না পেয়ে স্কুলে যুবলীগ কর্মীদের হামলা’ শিরোনামে সংবাদে অ্যাড. হেলাল উদ্দীন হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেন বলে উল্লেখ করা হয়। এছাড়া হামলাকারীরা মো. হেলাল উদ্দীনের অনুসারী বলেও উল্লেখ করা হয়।
অথচ ওই ঘটনায় মামলা নং-০৫/১৫ কচুয়া থানার উপ-পরিদর্শক মো. নাছির উদ্দীন কর্তৃক তদন্তকৃত চার্জশিটে হেলাল উদ্দীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পরে চাঁদপুর আদালতে মামলা করেন হেলাল উদ্দীন।
এ ব্যাপারে অ্যাড. হেলাল উদ্দীন বলেন, ‘যেহেতু মামলার তদন্তে আমার সম্পৃক্ততা পাওয়া যায়নি। আর এতেই বোঝা যায় আমার নাম উল্লেখ করে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি মানহানির মামলা করেছি।
