অত্যাধুনিক নিরাপত্তা নিয়ে ইন্টেল
জসিম উদ্দিন রাজা : ষষ্ঠ প্রজন্মের কোর ভি প্রো প্রসেসর বাজারে আনার ঘোষণা দিয়েছে ইন্টেল। বৃহদাকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখে এই প্রসেসরে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। হ্যাকারদের হাত থেকে ডিভাইসের সুরক্ষা দিতে প্রসেসরটিতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টু-ইন-ওয়ান, আল্ট্রাবুক, অল ইন ওয়ান কিংবা ডেস্কটপ, সব ধরনের কম্পিউটিং ডিভাইসের জন্যই সমানভাবে কার্যকর হবে প্রসেসরটি। কোর ভি প্রো প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইন্টেলের স্কাইলেক চিপসেট।
ব্যবহারকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে একইসাথে তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতির ব্যবহার করা হয়েছে ইন্টেল অথেনটিকেটে। এর মধ্যে প্রথমটি হলো ‘Something you know’। এটি হতে পারে আপনার কোন ব্যক্তিগত শনাক্তকারী নম্বর। দ্বিতীয়টি হলো
‘Something you have’। এটি হতে পারে আপনার ফোন নম্বর। আর তৃতীয় পদ্ধতিটি হলো ‘Something you are’। এটি হতে পারে ফিঙ্গারপ্রিন্ট।
এই পদ্ধতিগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাটি বাছাই করে নিতে পারবে। নিরাপত্তার প্রয়োজনে একাধিক এমনকি সবগুলো পদ্ধতিও প্রয়োগ করা যাবে। এই নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে কোন ব্যবহারকারীকেই আর আলাদাভাবে পাসওয়ার্ড মনে রাখতে হবে না। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ইন্টেল অথেনটিকেট ব্যবহার করা যাবে।
